নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, অর্ধশতাধিক শিক্ষার্থীর চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি জানান, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনা মূল্যে করা হচ্ছে। মেডিকেল বোর্ড দুটিতে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন।
গতকাল সোমবার রাত দুইটার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। পাঁচতলা ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই তলার লাইব্রেরি পুড়ে গেছে। উদ্ধারকারীদের ধারণা, মাদ্রাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তাঁরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার দুপুরে ব্রিফিংয়ে জানান, এ পর্যন্ত ৭৯ জন শিক্ষার্থীকে ইনস্টিটিউটে আনা হয়েছে। তাঁদের মধ্যে ৬৩ জনকে ভর্তি করা হয়েছে। ১৬ জনকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এঁদের কারও শরীর দগ্ধ হয়নি। তবে ধোঁয়ায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আছে।
ভর্তি থাকা চারজন নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁদের একজনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে, বাকি তিনজন আইসিইউতে। সুলতান মাহমুদ শিকদার বলেন, ৭২ ঘণ্টার আগে তাঁদের বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তাঁর ভাষ্য, হাসপাতালে আসা সবার শ্বাসনালী পুড়ে গেছে, এমন নয়। বেশির ভাগ শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের শ্বাসনালীতে সমস্যা হয়েছে। এ ছাড়া আতঙ্কে ছোটাছুটি ও মানসিক আঘাতের কারণেও তাঁরা হাসপাতালে এসেছেন। তিনি জানান, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে ছুটি দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাকিরা এখন পর্যন্ত ভালো আছেন।
আগুনের কারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারণ এখনো বলা হয়নি। দোতলায় প্রশাসনিক অংশ ও লাইব্রেরি ছিল। সেখানে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে। এ বিষয়ে সবার সচেতন হওয়া দরকার। তাঁর মতে, এটি একটি কাঠামোগত সমস্যা। শুধু এই মাদ্রাসা নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হোটেল-রেস্তোরাঁর ক্ষেত্রেও দেখা যায়, যে উদ্দেশ্যে ভবন তৈরি হয়, ব্যবহার হয় অন্য উদ্দেশ্যে। এই মাদ্রাসাও হয়তো মাদ্রাসার জন্য নকশা করা কোনো ভবন নয় বলে তিনি ধারণা করেন। ভবন তৈরি ও ব্যবহারের ক্ষেত্রে বিধিবিধান আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা দরকার বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত সেবা ঢাকার বাইরেও বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথা বলেন।

