বাংলাদেশের বেসরকারি এফএম রেডিওর ইতিহাসে দুই দশকের পথচলার মাইলফলক স্পর্শ করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) মুকুল। শ্রোতাদের কাছে ‘কুল আরজে মুকুল’ নামে পরিচিত এই উপস্থাপক দেশের বেসরকারি রেডিওতে প্রথম আরজে হিসেবে ২০ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ এই সময়ে নানা অনুষ্ঠান, স্বতন্ত্র উপস্থাপনা ও শ্রোতাদের সঙ্গে নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে রেডিও অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
২০০৬ সালে রেডিও আমার ৮৮.৪ এফএমে ‘আমার সকাল’ অনুষ্ঠানের মাধ্যমে মুকুলের রেডিও ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি যোগ দেন রেডিও ফুর্তিতে। সেখানে তার উপস্থাপিত ‘টি স্টল’ অনুষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সে সময় দেশের এফএম রেডিওর ছিল জমজমাট স্বর্ণালি সময়। রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও আমার ও এবিসি রেডিও এই চারটি স্টেশনকে ঘিরে গড়ে উঠেছিল বেসরকারি এফএম সম্প্রচারের প্রাণবন্ত জগৎ। পরবর্তী সময়ে সরকার আরও কয়েকটি বেসরকারি এফএম রেডিও স্টেশনকে সম্প্রচারের অনুমতি দিলে এই মাধ্যমের পরিসর আরও বিস্তৃত হয়।
কর্মজীবনের ধারাবাহিকতায় মুকুল অনুষ্ঠানপ্রধান হিসেবে যোগ দেন পিপলস রেডিওতে। বর্তমানে তিনি কর্মরত রয়েছেন ঢাকা এফএম ৯০.৪-এ। এই স্টেশনে সপ্তাহে ‘মুকুল টি স্টল’ ও ‘জীবন গল্প’ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। রেডিও উপস্থাপনার পাশাপাশি ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ করছেন মুকুল। বিভিন্ন বিজ্ঞাপন ও তথ্যচিত্রে তার কণ্ঠ শোনা গেছে।
সময়ের পরিবর্তনে এফএম রেডিওর শ্রোতাপ্রিয়তা কিছুটা কমেছে বলে মনে করেন এই অভিজ্ঞ উপস্থাপক।
তার মতে, ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের কারণে রেডিও আগের অবস্থান ধরে রাখতে পারছে না। তবে মানসম্মত ও শ্রোতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে রেডিও স্টেশনগুলো নিজেদের জনপ্রিয়তা ও সুনাম ধরে রাখতে পারে।
দীর্ঘ দুই দশকের পেশাগত পথচলা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে মুকুল জানিয়েছেন, রেডিওর সঙ্গে তাঁর সম্পর্ক অবিচ্ছেদ্য।
তার ভাষায়, ‘যতদিন রেডিও থাকবে, ততদিন আমিও থাকব ইনশা আল্লাহ। অগণিত শ্রোতার ভালোবাসাই আমার প্রাণ।’
মুকুলের সমসাময়িক অনেক আরজে সময়ের সঙ্গে রেডিও ছেড়ে টেলিভিশনসহ অন্যান্য মাধ্যমে পেশাগত অবস্থান গড়ে তুলেছেন। তবে মুকুল বেছে নিয়েছেন রেডিওকেই। কথা বলতে ভালোবাসা আর এই মাধ্যমের প্রতি গভীর অনুরাগই তাকে দুই দশক ধরে একই অঙ্গনে ধরে রেখেছে। শ্রোতাদের ভালোবাসাকে সঙ্গী করে রেডিওর সঙ্গে তাঁর এই পথচলা এখনো অব্যাহত।।

