ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে, তুরস্কের পথে প্রধানমন্ত্রীর বিদায়কালে আশা রিজভীর

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল আজ তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে।

জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে, তুরস্কের পথে প্রধানমন্ত্রীর বিদায়কালে আশা রিজভীর
জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে, তুরস্কের পথে প্রধানমন্ত্রীর বিদায়কালে আশা রিজভীর

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তুরস্কের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে তাঁদের আনুষ্ঠানিক বিদায় জানান রিজভী। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ প্রত্যাশার কথা জানান।

রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নিচ্ছেন। এমন সংকটময় মুহূর্তে সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, সারা দেশে খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নেওয়া পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অগ্রাধিকার পেয়েছিল।

মানবজাতি আজ বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি বলে মন্তব্য করেন রিজভী। তাঁর প্রত্যাশা, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমাতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনা থেকে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে।

তিনি বলেন, পরিবেশ দূষণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অগ্রভাগে রয়েছে বাংলাদেশ। তাই আন্তর্জাতিক তহবিল ও ন্যায্য অধিকার আদায়ে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

রিজভী আরও বলেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই পৃথিবীতে আজ ভয়ংকর গরম পড়েছে। তাপমাত্রা বেড়েছে, মানবজাতি বিপন্ন অবস্থায় পড়েছে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের সম্মেলনে যোগ দেওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা।

রিজভী বলেন, ‘আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে হবে।’ ভয়ংকর বৈশ্বিক উষ্ণায়ন থেকে রক্ষা করে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। জলবায়ু যেন আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

কার্বন ডাই-অক্সাইড নিরসন ও এর প্রভাব কমাতে বৈশ্বিক হিস্যা নিশ্চিত হবে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, একটি দেশের আন্তরিক প্রচেষ্টা সরকারপ্রধান তারেক রহমান দেখিয়েছেন। পৃথিবী বাঁচানোর এই পরিস্থিতিতে তাঁর অবদানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সম্মেলনে ন্যায্য হিস্যা বুঝে পাবে বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন