ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

বুড়িগঙ্গার তীর থেকে সব প্লাস্টিক বর্জ্য সরাতে হাইকোর্টের নির্দেশ

ভবিষ্যতে যাতে সেখানে কেউ প্লাস্টিক বর্জ্য ফেলতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন আদালত। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বুড়িগঙ্গার তীর থেকে সব প্লাস্টিক বর্জ্য সরাতে হাইকোর্টের নির্দেশ
বুড়িগঙ্গার তীর থেকে সব প্লাস্টিক বর্জ্য সরাতে হাইকোর্টের নির্দেশ
ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর থেকে সব ধরনের প্লাস্টিক বর্জ্য সম্পূর্ণ সরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও সংশ্লিষ্ট অন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ভবিষ্যতে যাতে সেখানে কেউ প্লাস্টিক বর্জ্য ফেলতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন আদালত। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে দায়ের করা একটি রিট পিটিশনের সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
শুনানিতে বিআইডব্লিউটিএ একটি প্রতিবেদন জমা দিয়ে জানায়, নদীর তীর থেকে প্রায় ৩০০ টন বর্জ্য সরানো হয়েছে। তবে সব প্লাস্টিক বর্জ্য সরানো হয়েছে কি না এবং ভবিষ্যতে বর্জ্য ফেলা ঠেকাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ ছিল না।
রিটকারী প্রতিষ্ঠান হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি আদালতকে বলেন, ভবিষ্যতে বর্জ্য ফেলা বন্ধের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থার কথাও প্রতিবেদনে নেই। তাঁর যুক্তি, প্রতিবেদনটি গ্রহণযোগ্য নয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রতিবেদনটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং তা নথিতে রাখার নির্দেশ দেন।
২০১০ সালে এইচআরপিবির করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে বুড়িগঙ্গার দূষণ ঠেকাতে হাইকোর্ট বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। পরে রিটকারীর সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর আদালত ইসলামপুর অংশের নদীতীর থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সরানোর নির্দেশ দেন। এইচআরপিবির পক্ষে এই সম্পূরক আবেদন দাখিল করেন মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী।
বিবাদীদের মধ্যে আছেন নৌপরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ঢাকার জেলা প্রশাসকসহ মোট ১৩ জন।
শুনানিতে মনজিল মোরসেদকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন