রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকলের কার্যক্রম ধাপে ধাপে শুরুর জন্য আগামী ১৮ ডিসেম্বরকে সময়সীমা নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ জানিয়েছেন, নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস ইতিমধ্যে আখ মাড়াই শুরু করেছে এবং প্রায় ৪০০ টন চিনি উৎপাদন করেছে।
নাটোর সুগার মিলস ও রাজশাহী সুগার মিলস ১৩ নভেম্বর থেকে মাড়াই শুরু করবে। গত ২ নভেম্বর শিল্প মন্ত্রণালয় জানিয়েছিল, জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলস ২৭ নভেম্বর এবং ঠাকুরগাঁও সুগার মিলস ৪ ডিসেম্বর কার্যক্রম শুরু করবে। বাকি চারটি চিনিকল ১৮ ডিসেম্বর আখ মাড়াই শুরু করবে। সেগুলো হলো জয়পুরহাট সুগার মিলস, চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ), ঝিনাইদহের নলডাঙ্গার মোবারকগঞ্জ সুগার মিলস এবং মধুখালীর ফরিদপুর সুগার মিলস।
বিএসএফআইসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে করপোরেশনের সামগ্রিক লোকসান ছিল ৫৫৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের অর্থবছরে তা ছিল ৫০৮ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাব শুধু চালু থাকা নয়টি চিনিকলের নয়, করপোরেশনের সব স্থাপনার। নয়টি চিনিকলের মধ্যে ওই অর্থবছরে শুধু কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৯৭ কোটি ৮ লাখ টাকা মুনাফা করেছে। প্রতি কেজি চিনি উৎপাদনে সুদসহ ব্যয় হয়েছে ২৬০ টাকা ১৪ পয়সা, সুদ ছাড়া ১৮১ টাকা ৭৩ পয়সা। সরকার নির্ধারিত বিক্রয়মূল্য ছিল কেজিপ্রতি ১২৫ টাকা।
করপোরেশন জানায়, ২০২৪-২৫ অর্থবছরে নয়টি চিনিকল ৮ লাখ ৩৯ হাজার ২১১ টন আখ মাড়াই করে ৪৬ হাজার ১৮৭ টন চিনি উৎপাদন করেছে। দেশে বছরে চিনির চাহিদা প্রায় ২০ লাখ টন। লোকসানের পেছনে মাড়াই সক্ষমতার তুলনায় আখের অপর্যাপ্ত সরবরাহ এবং পুরোনো কারখানা ও যন্ত্রাংশকে দায়ী করেছে কর্তৃপক্ষ। করপোরেশনের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি ২০২০-২১ অর্থবছর থেকে বন্ধ রয়েছে।
সুরুজ বলেন, বিএসএফআইসি প্রতিদিন আখ মাড়াই ও চিনি উৎপাদনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মৌসুমের শুরুতে চিনি আহরণের হার প্রায় ৫ শতাংশ থাকলেও পরে তা ৬ শতাংশ বা তার বেশি হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘চিনির উৎপাদন হার বাড়াতে আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। কম আহরণের পেছনে কিছু কারিগরি ও অন্যান্য কারণ রয়েছে। আমরা সেসব বিষয় খতিয়ে দেখছি।’ চিনিকলগুলোতে পরিষ্কার ও ভালো মানের আখ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরীক্ষামূলকভাবে মধুখালী ও নাটোরে উন্নত জাতের আখ চাষ করছে করপোরেশন।

