ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা
সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। কোথাও কোথাও আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো বাতাসের আশঙ্কা রয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানায়, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরানে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। আল-জাওফ, নর্দার্ন বর্ডারস ও তাবুক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাজান অঞ্চলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার আল-রাইথ, হারুব, আল-দায়ের, আল-ঈদাবি, ফাইফা, আল-আরিদাহ ও আল-হারথ এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার জাজান শহরসহ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আসির অঞ্চলের অধিকাংশ এলাকায় পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, বুধবার ও শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে। আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার সেখানে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

মক্কা অঞ্চলের পবিত্র মক্কা নগরী ও তায়েফসহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। জেদ্দা ও রাবিগে মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবারও সেখানে বৃষ্টি হতে পারে।

মদিনা অঞ্চলের পবিত্র মদিনা নগরী, আল-হানাকিয়াহ, মাহদ আল-জাহাব ও ওয়াদি আল-ফারায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা বেশি থাকার পূর্বাভাস রয়েছে। এ ছাড়া শুক্রবার ও শনিবার আল-উলা, আল-আয়েস, বদর ও খাইবার এলাকায় বৃষ্টি হতে পারে।

হাইল, কাসিম ও রিয়াদ অঞ্চলের কয়েকটি এলাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশে পুরো পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার সেখানে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। নাজরান শহরসহ কয়েকটি এলাকায় মঙ্গলবার ও বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে, ভারী বজ্রবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। প্রবল বাতাসের সঙ্গে ধুলা ও বালুঝড়ও হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে।

বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, পূর্বাভাস ও সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এসব তথ্য এনসিএমের ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পাওয়া যাবে।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের কিছু অঞ্চলে আগামী সপ্তাহেও বৃষ্টি চলতে পারে। আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হবে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন