ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia
প্রয়োজনে টিকিট দেওয়ার হবে তথ্য প্রতিমন্ত্রী

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাকে আহ্বান

প্রয়োজনে তাঁকে দেশে আসার টিকিট দেওয়ার কথাও বলেন তিনি। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাকে আহ্বান
দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাকে আহ্বান

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। প্রয়োজনে তাঁকে দেশে আসার টিকিট দেওয়ার কথাও বলেন তিনি।

শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। স্থানীয় চণ্ডীপাশা স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশটি বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

প্রতিমন্ত্রী বলেন, তাঁরা মানুষ হত্যা করে পালিয়েছেন এবং এখন কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। বাংলাদেশের জনগণ সেই হুংকার বুঝে গেছে, তাই এখন তাঁদের দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসতে বলে তিনি জানান, প্রয়োজনে টিকিট দিয়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে যাঁরা মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট ও গুম-খুন করেছেন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নারী ও শিশুর রক্ত ঝরিয়েছেন, তাঁদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্থানীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে। কাউকে সন্দেহজনক মনে হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান তিনি।

নান্দাইলের উন্নয়নকাজের চিত্র তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিমধ্যে ১৮৬টি রাস্তায় ইটের সোলিং করা হয়েছে এবং আরো ১০৪টি রাস্তার ইটের সোলিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন রাস্তা সংস্কারে সাড়ে ১১ কোটি টাকার অনুদান আনা হয়েছে, যা ময়মনসিংহের অন্য কোনো উপজেলায় আসেনি। গৃহহীনদের পুনর্বাসনে ৩৬টি ঘর দেওয়া হয়েছে এবং চলতি বছরে আরো ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণসহ ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের অনুমোদনের প্রক্রিয়া চলছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি-সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনি তাঁদের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেবা করে যেতে চান। উন্নয়নের মাঠে, রাজপথে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তিনি।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন