মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গীর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আজ আদালতে এই আবেদন করেন। আবেদনে বলা হয়, দীপ ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। তবে তিনি একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, ভুক্তভোগী ও আসামিদের ঘোরাফেরা, খাওয়াদাওয়া, সিসিটিভি ফুটেজ ও মোবাইল কললিস্ট পর্যালোচনা করে দেখা যায়, মৃত্যুর আগে তাহসিফ সাউরিকে সবশেষ দীপ ও এক তরুণীর সঙ্গে দেখা গেছে। তাঁরা কোনো না কোনোভাবে মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দীপকে জেলহাজতে রাখা প্রয়োজন। কারণ, জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে গিয়ে তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আবার রিমান্ডে নেওয়া দরকার বলেও আবেদনে উল্লেখ করা হয়।
রিমান্ড বাতিল চেয়ে দীপের আইনজীবী আদালতকে বলেন, ভুক্তভোগীর মৃত্যুর সঙ্গে তাঁর মক্কেলের কোনো সম্পর্ক নেই। তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না এবং নির্দোষ। বারবার তাঁকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, ঘটনার সঙ্গে দীপের সংশ্লিষ্টতা আছে, কিন্তু তিনি জিজ্ঞাসাবাদে অত্যন্ত চতুরতার সঙ্গে সব তথ্য এড়িয়ে যাচ্ছেন। এই আইনজীবীর ভাষ্য, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাহসিফ সাউরি সেই ভিডিও দুপুর ১২টার পরই প্রচার করেছিলেন, যে কারণে মানুষ জানতে পারে তিনি পালিয়েছেন। তাহসিফ ভিডিও না করলে সেই দৃশ্য অজানা থাকত। হত্যার পেছনে অন্য কোনো ইন্ধন বা কিছু জড়িত আছে কি না, সেই রহস্য উন্মোচন ও হত্যার কারণ জানতে দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়া দরকার বলে তিনি জানান।
রিমান্ড আবেদনের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে দীপ তাহসিফকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে রাত ১২টা ৪০ মিনিটে দুজন টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান এবং তুরাগ নদের তীরের একটি মাঠে গিয়ে কিছু লোকজনকে দেখে আলাদা হয়ে যান। দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ এসব তথ্য জানান বলে আবেদনে বলা হয়।

