ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি পাপিয়ার

পাকিস্তানই জামায়াতের উপযুক্ত জায়গা এবং তাদের সেখানে পাঠানো হবে। বিএনপিকে হুমকি দিতে গেলে এমন থাপ্পড় খাবেন যে মিসরের দরজাও বন্ধ হবে, পাকিস্তানের দরজাও বন্ধ হবে।

জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি পাপিয়ার
জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি পাপিয়ার

বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। পাপিয়ার ভাষ্য, পাকিস্তানই জামায়াতের উপযুক্ত জায়গা এবং তাদের সেখানে পাঠানো হবে।

 এক রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেন পাপিয়া। এই বক্তব্যে তিনি জামায়াত ও বিএনপির রাজনীতি নিয়ে নানা প্রসঙ্গে কথা বলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচিত সরকারকে আজ বোর্ডিং পাস, লন্ডন ও ভিসা দেখানো হচ্ছে। এর জবাবে তিনি জামায়াতকে প্রস্তুত থাকতে বলেন। পাকিস্তান তাদের উপযুক্ত জায়গা উল্লেখ করে তিনি বলেন, তাদের সেখানে পাঠানো হবে, তাই বোর্ডিং পাস ঠিক করে রাখা উচিত।

একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে এই বিএনপি নেত্রী বলেন, সে সময় যে শক্তি দেশের বিরোধিতা করেছিল, তারা কখনো এ দেশের বীর বা নায়ক হতে পারে না। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের প্রজন্ম কখনোই দেশছাড়া হবে না।

জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে আক্রমণ করে পাপিয়া প্রশ্ন তোলেন, খাসির মাংস খাওয়ার কথা বলে কেউ যদি কুকুরের মাংস খান, তা কি ঠিক হবে। তাঁর দাবি, জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনো নমুনা নেই।

আসন্ন স্থানীয় নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে তিনি নারীদের উদ্দেশে সতর্কবার্তা দেন। মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, আর যেন ভুল না হয়। বিরিয়ানির প্যাকেট, নতুন বোরকা কিংবা ২০০ টাকা পেয়ে যেন তাঁরা ডা. শফিকুর রহমানের সভায় না যান। পাপিয়া বলেন, বিএনপি নারীদেরই সংগঠন এবং দলটি তাঁদের কথা ভাবে।

বিএনপিকে কোনো ধরনের হুমকি না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষণস্থায়ী কোনো দল নয়। একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিগত ১৫ বছরের সংগ্রামের মধ্য দিয়ে গ্রাম-গঞ্জে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছে দলটি। বিএনপিকে হুমকি দিতে গেলে এমন থাপ্পড় খাবেন যে মিসরের দরজাও বন্ধ হবে, পাকিস্তানের দরজাও বন্ধ হবে।

ক্ষমতার রাজনীতি ও উন্নয়নের বাস্তবতা তুলে ধরে পাপিয়া বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকেন, উন্নয়ন মূলত তাঁর মাধ্যমেই বাস্তবায়িত হয়। বিএনপিকে একদিকে স্বৈরাচার বলা, অন্যদিকে গোপনে ডিও লেটার নিয়ে এমপি-মন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার দ্বিচারিতারও তীব্র সমালোচনা করেন তিনি।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন