প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত পথের দুই পাশে ভিড় করেন হাজার হাজার মানুষ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে ক্ষমতাসীন বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় ছয় কিলোমিটার পথ হাঁটেন দলের চেয়ারম্যান তারেক রহমান। টানা এক ঘণ্টা হেঁটে তিনি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছান।
শোভাযাত্রার পুরো পথে উঁচু ভবনের ছাদ ও বারান্দায়ও ছিল উৎসুক মানুষের উপচে পড়া ভিড়। পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানালে হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে তার জবাব দেন প্রধানমন্ত্রী। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
দুপুর ১২টা থেকেই রাজধানীর নানা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। কাকরাইল মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে বিশাল জনস্রোত তৈরি হয়। অনেকের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। কারও হাতে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোকচিত্রসংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে নেতাকর্মীরা পুরো শোভাযাত্রাকে বর্ণিল করে তোলেন।
বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে ওঠেন। মঞ্চে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, ফরহাদ হালিম ডোনার ও ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানসহ কেন্দ্রীয় নেতারা। সাড়ে তিনটায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তারেক রহমান শোভাযাত্রার সূচনা করেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করেন। প্রায় ছয় কিলোমিটার পথ পেরিয়ে সাড়ে চারটার দিকে তিনি গন্তব্যে পৌঁছান।
প্রধানমন্ত্রীর হাঁটার গতি ও অবিচলভাবে এগিয়ে চলা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। তাঁর সঙ্গে থাকা অনেক জ্যেষ্ঠ নেতাকে সেই গতি বজায় রাখতে হিমশিম খেতে দেখা যায়। যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারাও বিস্ময় প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে হাঁটা বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকা এই নেতাদের অনেকের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর এভাবে টানা হাঁটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। এটি গণতন্ত্র বিনির্মাণের অভিযাত্রায় দেশবাসীকে গভীরভাবে উজ্জীবিত করবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে মাইলের পর মাইল হেঁটেছেন। এই দীর্ঘ পথেও প্রধানমন্ত্রীর হাঁটায় কোনো ছন্দপতন ঘটেনি। তিনি একটানা হেঁটেছেন এবং অন্য নেতাদেরও হেঁটে চলার তাগিদ দিয়েছেন।
লন্ডনে প্রায় এক যুগের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর বিভিন্ন জনসভা ও সমাবেশে বক্তব্য দিলেও দলের কোনো শোভাযাত্রায় এই প্রথম সশরীরে অংশ নিলেন তিনি। এই অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হচ্ছে।

