মিল-কারখানা ধ্বংস হলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকেরা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে এক পথসভায় তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাগেরহাটে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে কাটাখালী মোড়ে থেমে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, দেশের শিল্পকারখানা ধ্বংসের যাঁরা ষড়যন্ত্র করছেন, ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে তাঁদের উপযুক্ত জবাব দেবে।
তারেক রহমান বলেন, গত ১৫-১৬ বছরে যাঁরা মানুষের জীবনমান উন্নয়নে ব্যর্থ হয়েছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছেন এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মুখে তাঁরা পালাতে বাধ্য হয়েছেন। তাঁর অভিযোগ, ক্ষমতাচ্যুত ওই শক্তি এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং কলকারখানা ধ্বংসে উদ্যত হয়েছে।
প্রধানমন্ত্রীর ভাষ্য, মিল-কারখানা জনগণ ও শ্রমিকদের সম্পদ। সেগুলো ধ্বংস হলে শ্রমিকেরা সবচেয়ে বেশি কষ্টে পড়বেন, নষ্ট হবে তাঁদের সন্তানদের ভবিষ্যৎ। তিনি জানান, জনগণের সরকার সাধারণ মানুষের ভাগ্য বদলের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা সেই উদ্যোগ থামিয়ে দিতে চায়। তাই দেশের মানুষ ও শ্রমিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শ্রমিকদের মজুরির দাবির প্রসঙ্গে তিনি বলেন, দাবিগুলো বিবেচনার জন্য সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড কাজও শুরু করেছে। এক-দুই মাসের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। নির্বাচিত সরকার সমস্যা সমাধান এবং শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে দিনরাত কাজ করছে বলেও জানান তিনি।
খুলনা এক সময় দেশের অন্যতম শিল্পাঞ্চল ছিল, কিন্তু সময়ের সঙ্গে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, এ কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে বন্ধ সরকারি-বেসরকারি মিল-কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন শিল্প স্থাপনে উৎসাহ দেওয়ার অঙ্গীকার করেছিল দলটি। সে লক্ষ্যে খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পঞ্চগড় পর্যন্ত হাজারো কারখানা গড়তে চায় সরকার।
বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, সরকারের লক্ষ্য একটাই: করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।
এর আগে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক সই হয়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পথসভা শেষে মাজার জিয়ারত করেন তিনি। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

