আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় রাখতে ১০ ধরনের পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
পণ্যগুলো হলো চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম তেল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। সুবিধাটি সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) বা ক্রেতার ঋণ (বায়ার্স ক্রেডিট) এর আওতায় পাওয়া যাবে।
নির্দেশনা অনুযায়ী, পণ্য দেশে পৌঁছানোর পর সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আমদানিমূল্য পরিশোধের সময় পাওয়া যাবে। সুবিধাটি আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক ৮ নভেম্বর এসব পণ্যের ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম রাখতে বলেছিল। মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণের কথাও বলা হয়েছিল। একই সঙ্গে এসব পণ্যের এলসি খোলায় অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের মতে, রমজানে এসব পণ্যের চাহিদা বাড়ে। তাই বাজারে সরবরাহ ঠিক রাখা এবং দাম সহনীয় রাখাই এই উদ্যোগের লক্ষ্য।

