বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ-সংক্রান্ত একটি সার্কুলার আজ সোমবার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।
নতুন নিয়মে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই একজন ব্যক্তি চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। অর্থ নিতে হবে ব্যাংকের মাধ্যমে। এত দিন এই সীমা ছিল ১৫ হাজার ডলার। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের একটি সার্কুলারে ১৫ হাজার ডলারের বিধান ছিল।
আগের নিয়মে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল বোর্ড বা সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ এবং বিদেশের হাসপাতালের ব্যয়ের হিসাব জমা দিতে হতো। নির্ধারিত সীমার বেশি অর্থের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগত।
একই সার্কুলারে বিদেশে স্কুল পর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর নিয়মেও পরিবর্তন এসেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য অর্থ পাঠাতে আগাম অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নিজেরাই কাগজপত্র যাচাই করে অর্থ পাঠাতে পারবে। তবে বিনা মূল্যে পড়ার সুযোগ আছে কি না, তা ব্যাংককে যাচাই করতে হবে।
করেসপনডেন্স বা দূরশিক্ষণ কোর্সের ক্ষেত্রেও নিয়মিত একাডেমিক কোর্সের জন্য শিক্ষার্থীরা আগাম অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন।
আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবের ক্ষেত্রেও নতুন শর্ত যুক্ত হয়েছে। বিদেশ থেকে আনা অর্থ এই হিসাবে জমা রাখতে হলে কাস্টমসে এফএমজে ফরমে অর্থের পরিমাণ ঘোষণা দিতে হবে। আগে ঘোষণা ছাড়া নগদে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলারও এই হিসাবে জমা রাখা যেত। নতুন সার্কুলারে ঘোষণা ছাড়া আনা অর্থ জমার সুযোগ নিয়ে কিছু বলা হয়নি।

