যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ প্ল্যাটফর্মের তালিকায় ভিন্টেড ও ইবে যুক্ত হতে পারে। সংস্কৃতিসচিব লিসা ন্যান্ডি জানিয়েছেন, শিশুদের নিরাপদ রাখতে সরকার এ দুই পুনঃবিক্রয় ওয়েবসাইটকে সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞার আওতায় আনার বিষয়টি ‘গুরুত্ব দিয়ে বিবেচনা করছে’।
বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’ অনুষ্ঠানে ভিন্টেড ও ইবে নিষিদ্ধ করা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি এ কথা বলেন। এর আগে দ্য সানডে টাইমস জানায়, যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা সম্পসারণ করে এই দুই প্ল্যাটফর্ম যুক্ত করা হচ্ছে। পত্রিকাটির তথ্য, বার্তা পাঠানোর সুবিধা ব্যবহার করে অপরিচিতরা শিশুদের ফুসলাতে পারে, এমন আশঙ্কা থেকেই এ উদ্যোগ। ডেপপ ও ফেসবুক মার্কেটপ্লেসও তালিকায় আসতে পারে বলে পত্রিকাটি জানায়।
যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞা আগামী বছরের মার্চে কার্যকর হওয়ার কথা। তখন ইনস্টাগ্রাম, টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশ বন্ধ থাকবে। সরকার এ বছরের জুনে ঘোষণা দিয়েছিল, ১৬ বছরের কম বয়সীরা সবচেয়ে বড় ১০টি প্ল্যাটফর্মে ঢুকতে পারবে না। ইউটিউবও এর আওতায় থাকবে। তবে শিশুদের জন্য তৈরি নিরাপদ সংস্করণ ইউটিউব কিডস থাকবে না।
নিষেধাজ্ঞার পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ হয়নি। সরকার বলেছে, যেসব প্ল্যাটফর্মের উদ্দেশ্য সামাজিক মিথস্ক্রিয়া এবং যেখানে ব্যবহারকারীরা কনটেন্ট পোস্ট করতে পারেন, সেগুলো এর আওতায় পড়বে। লাইভ স্ট্রিমিং থাকা বা অপরিচিতদের শিশুদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকা প্ল্যাটফর্মও এতে পড়বে, গেমিং সাইটও এর বাইরে নয়। তবে ৮ থেকে ১২ বছর বয়সীদের কাছে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় গেমিং সাইট রোবলক্স নিষিদ্ধ হচ্ছে না। এর কিছু ফিচার, যেমন চ্যাট, সীমিত করা হবে।
ইবে বহু বছর ধরে অনলাইন পুনঃবিক্রয় বাজারে বৈশ্বিক পর্যায়ে বড় ভূমিকা রাখছে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি নানা ধরনের পণ্য বিক্রি করেন। প্ল্যাটফর্মটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘চুক্তিতে প্রবেশ’ করতে হয় বলে সব সদস্যের বয়স ১৮ বছরের বেশি হতে হবে। ভিন্টেডেও ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ হতে হয়। সাইটটিতে মূলত অব্যবহৃত পোশাক ও ফ্যাশন পণ্য কেনাবেচা হয়। সম্প্রতি এটি দ্রুত বেড়ে যুক্তরাজ্যে ১ কোটি ৭০ লাখ ব্যবহারকারীতে পৌঁছেছে।
ইবের এক মুখপাত্র বলেন, তারা গ্রাহকদের জন্য ‘বিশ্বাসযোগ্য ও নিরাপদ মার্কেটপ্লেস’ দিতে মনোযোগী। প্রস্তাবিত আইনের বিস্তারিত এখনো স্পষ্ট নয় বলে তিনি জানান। তবে বিষয়টি আরও বুঝতে এবং সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে তাঁরা আগ্রহী। ভিন্টেড মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
অস্ট্রেলিয়ায় গত বছর অনুরূপ নিষেধাজ্ঞা চালু হয়েছে। সেখানে অনেক শিশু এটি এড়ানোর উপায় খুঁজে পেয়েছে। যুক্তরাজ্য বলছে, তারা আরও কঠোর পথে যাবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আলোচনা বেড়েছে। গত মাসে যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম ১৬ বছরের বেশি বয়সী ব্যবহারকারী শনাক্ত করার সবচেয়ে কার্যকর পদ্ধতি সম্পর্কে সুপারিশ প্রকাশ করেছে।
সূত্র: বিবিসি

