কয়েক দিন বিদ্যুৎ না থাকলে যুক্তরাজ্য কীভাবে চলবে, তা নিয়ে দেশটির জরুরি পরিকল্পনা নিয়ে আলোচনা বাড়ছে। এ ধরনের বিপর্যয়ের একটি নাম আছে: ‘ব্ল্যাক স্কাই’ ঘটনা। সম্প্রতি যুক্তরাজ্যের সহনশীলতা নিয়ে এক সম্মেলনে আলোচনার মূল বিষয় ছিল, দেশটিকে অন্তত ৭২ ঘণ্টা এমন পরিস্থিতি সামল দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
এর একটি বাস্তব নজির লাংকাস্টার। ২০১৫ সালের ৫ ডিসেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া লিউন নদীতে বন্যা হয়। শহরের ৬১ হাজার ৫০০ মানুষ বিদ্যুৎ হারান। আলো ও তাপ বন্ধ হয়ে যায়। বৈদ্যুতিক পাম্পের ওপর নির্ভরশীল কিছু পানি সরবরাহও বিকল হয়। রেলস্টেশন, পেট্রোল স্টেশন ও দোকানপাট বন্ধ হয়ে যায়। বেশির ভাগ এটিএম অচল ছিল। ট্রাফিক বাতিও জ্বলেনি।
লাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজার কেম্প তখন বাসায় একটি স্ক্যান্ডিনেভীয় অপরাধ-নাটক দেখছিলেন। তিনি বিবিসিকে বলেন, সবকিছু হঠাৎ বন্ধ হয়ে যায়। পরদিন হাঁটতে বেরিয়ে তাঁর মনে হয়েছে ‘জম্বি সিনেমার মতো’। মানুষ ফোনের নেটওয়ার্ক খুঁজছিল, আর একমাত্র চালু টেলিফোন বুথে ছিল দীর্ঘ লাইন। সে সময় টিকে থাকা যোগাযোগব্যবস্থা ছিল শুধু তামার তারের ল্যান্ডলাইন ও এফএম রেডিও। জরুরি জেনারেটর ও একটি ল্যান্ডলাইন নিয়ে স্থানীয় বাণিজ্যিক রেডিও স্টেশন দ্য বে সম্প্রচার চালিয়ে যায়। তিন মাস পর কেম্প সব ভুলত্রুটি খতিয়ে দেখতে মানুষকে একত্র করেন।
যুক্তরাজ্য সরকারের ‘বি রেডি’ প্রচারণা মানুষকে নানা সংকটের জন্য তৈরি করতে চায়। সরকার বলছে, বিদ্যুৎ গ্রিডের ওপর বিশেষ কোনো হুমকি নেই। তবুও বড় জরুরি পরিস্থিতিতে মানুষকে ঘরে থাকতে ও এফএম রেডিও চালু করতে বলা হচ্ছে। এ কারণেই বিবিসির নিজস্ব ‘ব্ল্যাক স্কাই’ পরিকল্পনা আছে। এর পূর্ণ বিবরণ অল্প কয়েকজন কর্মী জানেন। প্রতিবেদকের সংগৃহীত তথ্য অনুযায়ী, বিবিসির প্রায় ১০০ জন একটি বিশেষ জরুরি রেডিও স্টুডিও চালাবেন। সেখানে ইন্টারনেটনির্ভর নয় এমন নিরাপদ যোগাযোগ লাইন থাকবে। অন্তত তিন দিন বাইরের সরবরাহ ছাড়া চলার মতো জ্বালানি, পানি ও খাবারও থাকবে।
এই সেবা সরকারের আগে থেকে ঠিক করা বার্তা সম্প্রচার করবে। সেসব স্ক্রিপ্ট অনলাইনে প্রকাশিত হয়েছে। তাতে প্রতিদিন কতটা পানি পান করতে হবে এবং ফ্লাশ না করে মলমূত্র কীভাবে ফেলতে হবে, সে নির্দেশনা আছে। বিবিসির সম্প্রচার যাবে ইন্টারনেট থেকে আলাদা রেডিও ট্রান্সমিশন টাওয়ার দিয়ে। প্রতিটি টাওয়ারে তিন দিনের জেনারেটর চালানোর জন্য ৫ থেকে ৪০ হাজার লিটার ডিজেল রাখা হয়। এফএম বেছে নেওয়ার কারণ, এটি প্রায় সব জায়গায় কাজ করে, ব্ল্যাকআউট বা সাইবার হামলাতেও।
বিবিসির এক ভেতরের সূত্র জানান, প্রথমে পাঁচ থেকে সাত দিনের পরিকল্পনার কথা ভাবা হয়েছিল। জাতীয় জ্বালানি ব্যবস্থা পরিচালক নেসোর সর্বশেষ পরামর্শ হলো, দুই থেকে তিন দিনের মধ্যে সম্ভবত বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে। ২০২৫ সালের এপ্রিলে স্পেন, পর্তুগাল ও দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের পর বিষয়টি আরও জরুরি হয়ে উঠেছে। ন্যাশনাল প্রিপেয়ার্ডনেস কমিশনের চেয়ার লর্ড হ্যারিস বলেন, বিদ্যুৎ গেলে পানি সরবরাহ বন্ধ হতে পারে, আর পানি না থাকলে নর্দমার বর্জ্য জমে গিয়ে ব্লকেজ তৈরি করে।
সরকার অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ইনভেনশন এজেন্সির (এআরআইএ) মাধ্যমে ৭ কোটি পাউন্ড খরচ করছে। লক্ষ্য হাই অল্টিচিউড সিউডো-স্যাটেলাইট (হ্যাপস) প্রযুক্তি, যা যুক্তরাজ্যের আকাশে ঘুরে অন্তত এক সপ্তাহ জরুরি মোবাইল ও ইন্টারনেট সংযোগ দিতে পারে। এআরআইএর কর্মসূচি পরিচালক রিকো চন্দ্র বলেন, ভূমির নেটওয়ার্ক বিকল হলে বিকল্প হিসেবে স্যাটেলাইটের সীমাবদ্ধতা আছে।
লর্ড হ্যারিসের মতে, গত পাঁচ দশকে দক্ষতার দিকে ঝুঁকতে গিয়ে বিকল্প ব্যবস্থা হারানো হয়েছে। জরুরি সেবা রেডিও থেকে সরে মোবাইল নেটওয়ার্কের প্রযুক্তিতে যাচ্ছে। ফলে মোবাইল নেটওয়ার্ক বিকল হলে জরুরি সেবার যোগাযোগও ব্যাহত হবে। তবে সরকারের দাবি, জরুরি সেবাকে ৪জি ও ৫জিতে নেওয়া ‘সহনশীল ও নির্ভরযোগ্য’। ক্যাবিনেট অফিস জানায়, যুক্তরাজ্যের বিদ্যুৎব্যবস্থা বিশ্বের অন্যতম সহনশীল। গ্রিডের ৭৫ বছরের ইতিহাসে কখনো সম্পূর্ণ বিপর্যয় ঘটেনি।
যুক্তরাজ্যের তামার তারের ল্যান্ডলাইন, যা বিদ্যুৎ গেলেও কাজ করে, ২০২৭ সালের ৩১ জানুয়ারি বন্ধ হবে। এফএম রেডিওর ভবিষ্যৎ নিয়েও সরকার পর্যালোচনা করছে। সরকারের ভাষ্য, ল্যান্ডলাইন বিদ্যুৎ গেলে কাজে লাগলেও এখন এটি অনির্ভরযোগ্য এবং মেরামত করা কঠিন। কেম্প বলেন, ‘যদি কিছু হয়ে থাকে, আমরা আরও পিছিয়ে গেছি। বিদ্যুৎ চলে গেলে কীভাবে যোগাযোগ হবে, সে নিয়ে মোটেই ভাবা হয়নি।’
সূত্র: বিবিসি

