ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

সম্পত্তির বিজ্ঞাপনে এআই ছবি ‘মিথ্যা বিজ্ঞাপন’, বলছেন ক্রেতা ও ভাড়াটেরা

যুক্তরাজ্যে রাইটমুভের মতো সাইটে বাড়ি ও ফ্ল্যাটের বিজ্ঞাপনে এআইয়ে বানানো ছবি ব্যবহার নিয়ে ক্রেতা ও ভাড়াটেরা অসন্তুষ্ট। তাঁদের মতে, এতে সবার সময় নষ্ট হয়।

সম্পত্তির বিজ্ঞাপনে এআই ছবি ‘মিথ্যা বিজ্ঞাপন’, বলছেন ক্রেতা ও ভাড়াটেরা
সম্পত্তির বিজ্ঞাপনে এআই ছবির ব্যবহার (প্রতীকী ছবি)

যুক্তরাজ্যে রাইটমুভের মতো সাইটে বাড়ি ও ফ্ল্যাটের বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবি ব্যবহার করা হচ্ছে। সম্পত্তির ক্রেতা ও ভাড়াটেরা বলছেন, এটা ‘মিথ্যা বিজ্ঞাপন’ এবং এতে সংশ্লিষ্ট সবার সময় নষ্ট হয়।

ইস্ট সাসেক্সের ব্রাইটনে ফ্ল্যাট খুঁজছেন জেসিকা অটারওয়েল। তিনি বিবিসিকে বলেন, ‘এ যেন নতুন মার্সিডিজের ছবি দেখে গাড়ি কিনতে গিয়ে এমন একটা স্কোডা পাওয়া, যার একটা চাকা নেই।’ তিনি উৎসাহ নিয়ে বাবা-মাকে একটি সম্ভাব্য সম্পত্তির কথা জানিয়েছিলেন। গিয়ে দেখেন সেটি ‘একটি বাজে ভাঙাচোরা বাড়ি’। ঘরে একটি দাগ-লাগা তোষক ছাড়া কিছুই ছিল না। রং করা দেয়াল, মাতিসের শিল্পকর্ম ও সাজানো রান্নাঘর তিনি খুঁজে পাননি।

লেইলা লেডউইথের বয়স ৩১ বছর। তিনি তিন মাস ধরে ব্রাইটনে ভাড়া বাসা খুঁজছেন। রাইটমুভে দেখা আসবাব ছিল তাঁর দেখা এক ডজন বাসার মধ্যে মাত্র দুটিতে। বাকিগুলো অন্ধকার, স্যাঁসেঁসেঁতে, সবকিছু পুরোনো ও ভাঙাচোরা। ‘এটা মিথ্যা বিজ্ঞাপন, পুরোপুরি বিরক্তিকর ও হতাশাজনক,’ বলেন তিনি। তাঁর মতে, এতে ক্রেতা-ভাড়াটে, বিক্রেতা-মালিক ও এজেন্টদের সবার সময় নষ্ট হয়। তিনি আরও বলেন, এআই ছবি দিয়ে কার লাভ হচ্ছে, তা তিনি বুঝতে পারেন না।

কিছু মানুষ এ প্রবণতার নাম দিয়েছেন ‘হাউসফিশিং’। অটারওয়েল একে ডেটিং অ্যাপে ক্যাটফিশিংয়ের সঙ্গে তুলনা করেছেন। ন্যাশনাল রেসিডেনশিয়াল ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশনের প্রধান নীতি কর্মকর্তা ক্রিস নরিস বলেন, কেউ কেউ বিভ্রান্ত বোধ করছেন, এটা উদ্বেগজনক। তাঁর মতে, তালিকাভুক্তকারী সাইটগুলো কাজে এআই যুক্ত করলে দায়িত্বের সঙ্গে তা করা অত্যন্ত জরুরি, যাতে ব্যবহারকারীরা কোনো ধাপে বিভ্রান্ত না হন।

রাইটমুভ অন্য এস্টেট এজেন্টের তালিকা নিজেদের সাইটে তুলে ধরে। তারা নিজেরা সম্পত্তি বিক্রি বা ভাড়া দেয় না। প্রতিষ্ঠানটি জানায়, এআইয়ে বানানো ছবি স্পষ্টভাবে লেবেল করা থাকলে সাইটে দেওয়া যায়। বিবিসি এমন কিছু তালিকা দেখেছে, যেখানে ছবির গায়ে ‘ভার্চুয়ালি স্টেজড’ বা ‘আর্টিফিশিয়ালি এনহ্যান্সড’ লেখা আছে। তবে আরও অনেক তালিকায় তা জানানো হয়নি। রাইটমুভের এক মুখপাত্র বলেন, এজেন্টরা যা আপলোড করেন, তার দায়িত্ব তাঁদেরই। বিভ্রান্তিকর ছবি পাওয়া গেলে সংশোধনের নির্দেশ, তালিকা সরিয়ে ফেলা এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হয়।

সাসেক্সভিত্তিক এস্টেট এজেন্ট অ্যাস্টন ভন বলছে, ঘর আসবাব দিয়ে সাজিয়ে দেখাতে (স্টেজিং) সাধারণত গড়ে ৫ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড পর্যন্ত খরচ হয়। প্রতিষ্ঠানটির পরিচালক ডেভিড ভন বলেন, তাঁরা এআই স্টেজিং ব্যবহার করেন ‘দুই পক্ষেরই সমস্যার সমাধানে’। তাঁর ভাষ্য, মালিকদের জন্য এতে বড় খরচ বাঁচে। ক্রেতারা তাঁদের জানিয়েছেন, খালি ঘরের আকার বোঝা কঠিন, আর ভার্চুয়ালি সাজালে সেখানে কীভাবে থাকা যাবে তা বোঝা সহজ হয়।

সারে ও হ্যামপশায়ারের এস্টেট এজেন্ট ওয়ারেন পাওয়েল-রিচার্ডসের বক্তব্য, তাঁরা এআইবিরোধী নন। তবে তাঁদের মতে এটি একটি হাতিয়ার, বিশ্বাসের বিকল্প নয়। সারের আরেক এজেন্ট বলেছে, ‘প্রযুক্তি মানুষকে সাহায্য করবে, প্রতারণা করবে না।’ ইস্ট কেন্টের এস্টেট এজেন্ট মাইলস অ্যান্ড বারের এক মুখপাত্র জানান, সম্ভাব্য ক্রেতা ও ভাড়াটেদের সম্পত্তি কল্পনা করতে সাহায্য করতে এআই ও সিজিআইয়ের ব্যবহার অনেক দিন ধরেই প্রচলিত।

সূত্র: বিবিসি

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন