দীপাবলির রাতে আতশবাজি পোড়ানোর পর ভারতের রাজধানী দিল্লির বাতাস চরম দূষিত হয়ে পড়েছে। আজ সোমবার শহরের বায়ুমান সূচক (একিউআই) ৫০০-এর কাছাকাছি পৌঁছেছে। কিছু এলাকায় সূচক ১ হাজার ছাড়িয়ে গেছে। কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রের যন্ত্র ঠিকমতো কাজ না করায় সব এলাকার সঠিক তথ্য পাওয়া যায়নি।
আতশবাজি নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও রাতভর তা মানা হয়নি। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এর আগে আতশবাজির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দিতে রাজি হয়নি। বেঞ্চ মন্তব্য করেছিল, যে আদেশ কার্যকর করা যায় না, তা দিয়ে কোনো লাভ নেই। আদালত শুধু পরিবেশবান্ধব বা গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি দিয়েছিল। এ জন্য সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা সময় নির্ধারণ করা হয়েছিল।
বাস্তবে এই সময়সীমা কেউ মানেননি। দিল্লির বিভিন্ন এলাকায় রাত আড়াইটা পর্যন্ত আতশবাজির শব্দ শোনা গেছে। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বায়ুমান খারাপ হওয়ায় দূষণ মোকাবিলায় গ্র্যাপ-৩ পর্যায়ের বিধিনিষেধ চালু আছে। এদিকে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন উৎসবের সময় আতশবাজি নিষিদ্ধ করার বিরোধিতা করে আসছে।

