যুক্তরাষ্ট্রে তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে অভিযোগ গঠন করা হয়েছে। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী ও আইনজীবী সেজে ১০ কোটি ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। মার্কিন বিচার বিভাগ নতুন করে প্রকাশ করা অভিযোগপত্রে এ কথা জানিয়েছে।
নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার ইউএস অ্যাটর্নির কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, অভিযুক্তরা হলেন জ্যাকব সোল, শারন হাজান ও গাই শিট্রিট। কর্মীদের বড় অঙ্কের অর্থ পাঠাতে রাজি করাতে তাঁরা এআই দিয়ে নির্বাহী ও আইনজীবীদের কণ্ঠ ও ছবি বদলে নকল করতেন। সোল ও হাজান গ্রীষ্মে স্পেনে এবং শিট্রিট সেপ্টেম্বরে যুক্তরাজ্যে গ্রেপ্তার হন। অভিযোগ অনুযায়ী, প্রতারণা চলেছে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে।
পদ্ধতিটি ছিল এমন: তাঁরা কোনো কোম্পানির নির্বাহী সেজে কর্মীদের জানাতেন, স্পর্শকাতর আর্থিক লেনদেনে তাঁদের সাহায্য দরকার। এরপর কর্মীদের একটি বড় আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠানের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হতো। সেই আইনজীবী সেজে তাঁরা কর্মীদের দিয়ে বড় অঙ্কের টাকা পাঠাতেন।
বিচার বিভাগের হিসাবে, তাঁরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি থেকে ১২ কোটি ৯০ লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে মিসৌরির একটি হাসপাতাল ব্যবস্থা থেকে প্রায় ৫০ লাখ ডলার, রোড আইল্যান্ডের একটি ব্যাংক থেকে প্রায় ২৭ লাখ ডলার, ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতাল ব্যবস্থা থেকে প্রায় ৩০ লাখ ডলার, ম্যাসাচুসেটসের একটি মিউচুয়াল ফান্ড থেকে ৪৬ লাখ ডলারের বেশি এবং ফ্লোরিডার একটি পোষা প্রাণীর খাবার কোম্পানি থেকে প্রায় ৫০ লাখ ডলার নেওয়া হয়। যুক্তরাজ্যের একটি প্রযুক্তি কোম্পানি থেকে নেওয়া হয় ১ কোটি ১০ লাখ ডলারের বেশি।
অর্থ পাঠানো হতো যুক্তরাষ্ট্র, স্পেন, পর্তুগাল, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও চীনের ব্যাংক হিসাবে। টাকা আসার পর তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হতো। বিচার বিভাগের ভাষ্য, অর্থের উৎস, মালিকানা ও নিয়ন্ত্রণ আড়াল করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। পরে তা অভিযুক্ত ও তাঁদের সহযোগীদের মধ্যে ভাগ করা হয়। সোল ও হাজান একাধিক ছদ্মনামে পরিচিত ছিলেন। সোলের ডাকনামের মধ্যে ছিল ‘সেবা ক্লার্ক’ ও ‘রকি বালবোয়া’, আর হাজানের ‘সুপারম্যান ক্যাশ’, ‘ফ্যাট বয়’ ও ‘রন’।
ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বড় সম্ভাবনা আছে, তবে কেউ কেউ এ প্রযুক্তি অপরাধের কাজে লাগাতে চাইতে পারে, তা জনগণের বোঝা উচিত। এফবিআইয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক জেমস সি বার্নাকল জুনিয়র বলেন, অপরাধীরা উদীয়মান প্রযুক্তিকে অস্ত্র বানাচ্ছে। এসব অপরাধ শনাক্ত, তদন্ত ও দমনে এফবিআই নিজেদের সক্ষমতা দ্রুত হালনাগাদ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনজনের বিরুদ্ধে ওয়্যার ফ্রডের ষড়যন্ত্র, একাধিক অর্থ পাচারের ষড়যন্ত্র এবং গুরুতর পরিচয় চুরির অভিযোগ আনা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

