আগামী বছর টেক্সাসের কারখানায় সাইবারট্রাকের উৎপাদন গুটিয়ে আনবে টেসলা। ইলন মাস্ক এ কথা জানিয়েছেন। উৎপাদন পুরোপুরি বন্ধ হবে, নাকি অন্য কোথাও সরানো হবে, তা তিনি স্পষ্ট করেননি। তাঁর ভাষ্য, চালকবিহীন সাইবারক্যাব গাড়ি আরও বেশি বানানোর জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত।
ঘোষণার পর শুক্রবার টেসলার শেয়ারের দাম ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সাইবারট্রাক প্রকল্পের প্রধান প্রকৌশলী ওয়েস মরিল এক্স-এ লিখেছেন, সাইবারট্রাক ছিল প্রযুক্তি উন্নয়নের একটি অসাধারণ মঞ্চ, যা সাইবারক্যাবের মধ্য দিয়ে বেঁচে থাকবে। তাঁর এই মন্তব্যে ধারণা মেলে, গাড়িটির উৎপাদন বন্ধই হয়ে যাচ্ছে।
খবরটি জানাজানি হওয়ার পর অনলাইনে টেসলার ভক্তদের অনেকে আক্ষেপ করেছেন। একজন লিখেছেন, এটি টেসলার তৈরি সেরা গাড়ি, অথচ আগামী বছর বন্ধ হয়ে যাচ্ছে। জবাবে মাস্ক লিখেছেন, “সত্যি”। সঙ্গে যোগ করেছেন, সাইবারট্রাকের বহর দীর্ঘ সময় রাস্তায় থাকবে।
গাড়িটি মাস্কের নিজের প্রিয় প্রকল্প। মার্চে তিনি বলেছিলেন, মানুষ যা ভাবে, এটি তার চেয়ে অনেক বেশি দুর্দান্ত। এপ্রিলে বলেছিলেন, এ পর্যন্ত টেসলার সেরা পণ্য এটিই।
২০১৯ সালে সাইবারট্রাকের উন্মোচন অনুষ্ঠানে প্রায় অভঙ্গুর বলে দাবি করা জানালার কাচ সরাসরি প্রদর্শনীতে ভেঙে যায়। তবু তখন গাড়িটি তৈরির কাজ চলাকালেই ১ লাখ ৪৬ হাজার অর্ডার পাওয়ার কথা জানান মাস্ক। ২০২৩ সালে গাড়িটি বাজারে আসে। এর গড়ন কৌণিক, বডি স্টেইনলেস স্টিলের।
কেলি ব্লু বুকের হিসাবে ২০২৫ সালে টেসলা ২০ হাজার ২৩৭টি সাইবারট্রাক বিক্রি করেছে। এক বছর আগে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। অথচ ২০২৩ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর মাস্ক বছরে আড়াই লাখ গাড়ি বিক্রির পূর্বাভাস দিয়েছিলেন।
দাম নিয়েও প্রশ্ন ছিল। মাস্ক ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের বলেছিলেন, দাম এমন হতে হবে, যাতে মানুষ কিনতে পারে। শেষ পর্যন্ত সব সুবিধাসহ দাম দাঁড়ায় ৬১ হাজার ডলার (তখনকার হিসাবে ৪৮ হাজার পাউন্ড)। ২০২৬ সালে “সাইবারবিস্ট” মডেলের দাম ১ লাখ ২ হাজার ডলার।
ভক্তরা গাড়িটির পুরোনো দিনের ভবিষ্যৎ-ভাবনার নকশার প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, এটি যেন “ব্লেড রানার” সিনেমা থেকে উঠে এসেছে। সমালোচকেরা এর চেহারাকে অত্যন্ত কুৎসিত বলে ঠাট্টা করেছেন। ২০২৫ সালে ৪৬ হাজারের বেশি সাইবারট্রাক ফেরত ডাকা হয়েছিল, কারণ গাড়ির ট্রিমের একটি অংশ খুলে পড়ার আশঙ্কা ছিল।
সূত্র: বিবিসি

