যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নিশ্চিত জয়ের পর দেশটির প্রযুক্তি খাতের শেয়ারে বড় পতন হয়েছে। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে শুরু হওয়া এই দরপতনের রেশ শুক্রবার এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারেও পড়েছে।
শুক্রবার সকালে এশিয়ার বাজারে বড় ধরনের পতন দেখা যায়। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৬ দশমিক ৫ শতাংশের বেশি কমেছে।
লন্ডনের বাজারে একপর্যায়ে মার্চের পর সবচেয়ে খারাপ দিনের আশঙ্কা তৈরি হয়েছিল। সকালের লেনদেনে এফটিএসই ১০০ সূচক সর্বোচ্চ ২৫৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৫ শতাংশ কমে ১০ হাজার ৫২৮ পয়েন্টে নেমেছিল। ওয়াল স্ট্রিট খোলার পর যুক্তরাষ্ট্রের শেয়ারের দাম বাড়ায় দিন শেষে পতন ১ শতাংশে সীমিত থাকে। জার্মানির ড্যাক্স ২ শতাংশ, ফ্রান্সের ক্যাক ৪০ শূন্য দশমিক ৮ শতাংশ এবং স্পেনের আইবেক্স শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ দশমিক ৫ শতাংশ পড়ে ১৯ মাসের মধ্যে সবচেয়ে খারাপ দিন পার করে। চিপ নির্মাতাদের শেয়ার সবচেয়ে বেশি ধাক্কা খায়। মেমোরি চিপ নির্মাতা স্যানডিস্কের শেয়ারের দাম ২২ শতাংশ এবং হার্ড ড্রাইভ নির্মাতা ওয়েস্টার্ন ডিজিটালের দাম ১৭ শতাংশ কমে যায়। ওয়াল স্ট্রিটের ‘ভয়ের সূচক’ ভিআইএক্স ৬০ শতাংশের বেশি বেড়ে ইরান যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।
শুক্রবার ওয়াল স্ট্রিটে প্রযুক্তি শেয়ারের দাম কিছুটা বাড়ে। এস অ্যান্ড পি ৫০০ সূচক শূন্য দশমিক ৩ শতাংশ এবং নাসডাক ১ শতাংশ বেড়ে দিন শেষ করে। আগের দিনের ক্ষতির একটি অংশই এতে পুষিয়ে এসেছে। এর আগে প্রত্যাশার চেয়ে ভালো কর্মসংস্থান প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১ লাখ ৬৫ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। বেকারত্বের হার নেমে এসেছে ৪ দশমিক ১ শতাংশে।
সিএমসি মার্কেটসের এশিয়া ও মধ্যপ্রাচ্যপ্রধান ক্রিস্টোফার ফোর্বস বলেন, ‘এটা আসলে এক ধরনের বিপর্যয়।’ তাঁর ভাষ্য, গ্রাহকদের বড় অংশ সূচক ও শেয়ারে ক্রয় অবস্থানে ছিলেন, আর সেসব অবস্থান ধসে গেছে। রাতভর ও দিনভর গ্রাহকদের মার্জিন কল ও অভিযোগ সামলাতে হয়েছে।
ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটার বলেন, ডেটা সেন্টার নির্মাণ ধীর হওয়ার আশঙ্কা এআই-বিনিয়োগের জোয়ারের ভিত্তিকে ঝুঁকিতে ফেলছে। একই সময়ে এই বিপুল বিনিয়োগের রিটার্ন নিয়ে বিনিয়োগকারীরা অত্যন্ত উদ্বিগ্ন। আইজির প্রধান বাজার বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, এআই নিয়ে আতঙ্ক থাকায় আরও বিক্রির ঝুঁকি রয়েছে। বিনিয়োগকারীরা ইরান সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কা এবং সপ্তাহের শুরুতে পড়ে যাওয়া তেলের দামের দিকেও নজর রাখছেন।
ধসের পরও এ বছর বেশির ভাগ সূচক এখনো বেড়ে আছে। জানুয়ারির শুরু থেকে নাসডাক কম্পোজিট ৬ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে, যদিও সর্বোচ্চ অবস্থান থেকে তা ১০ শতাংশের বেশি নিচে। এফটিএসই ১০০ এ বছর প্রায় ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে, তবে জুলাইয়ে গড়া রেকর্ডের চেয়ে ৩০০ পয়েন্টের বেশি নিচে। জেফারিজের অর্থনীতিবিদ মোহিত কুমার বলেন, বৃহস্পতিবারের ক্ষতি থেকে যুক্তরাষ্ট্রে দ্রুত ঘুরে দাঁড়ানো তিনি আশা করছেন না, তবে এটাকে ‘এআই-বাণিজ্য গুটিয়ে আসার শুরু’ বলেও মনে করেন না। তাঁর মতে, ডেমোক্র্যাটরা প্রবৃদ্ধির এই চালিকাশক্তি ছেড়ে দেবে না, কারণ ডেটা সেন্টার ও এআই অবকাঠামো কর্মসংস্থান তৈরি করে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জেও এর প্রভাব পড়েছে। তিন মাসের জন্য তামার বেঞ্চমার্ক দাম ০ দশমিক ৬১ শতাংশ কমেছে। সপ্তাহে তামার দাম ২ দশমিক ৭৯ শতাংশ কমতে যাচ্ছে, যা মার্চের পর সপ্তাহভিত্তিক সবচেয়ে বড় পতন। পরামর্শক প্রতিষ্ঠান সিআরইউর বিশ্লেষক ক্রেইগ ল্যাং বলেন, তামার দামে এআই বাজার ও ডেটা সেন্টার সম্প্রসারণ নিয়ে মনোভাবের প্রভাব বাড়ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

