সারা দেশের উপজেলায় ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি উপজেলায় ২৪ জন করে শিক্ষক নেওয়া হবে। আটটি খেলার ইভেন্টের প্রতিটির জন্য থাকবেন তিনজন করে। এভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মোট ১১ হাজার ৮৮০ ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ প্রক্রিয়া চলমান আছে।
এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা করেছে। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অন্য এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বেকার তরুণদের নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কোনো জরিপ করেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রকল্প অনুমোদনের পর মাঠ উন্নয়নের কাজ শুরু হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বলেও সংসদকে জানান তিনি। প্রতিবেদন একটি গোয়েন্দা সংস্থায় পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় সন্দেহভাজন একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

