ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে আছে। এডিস মশার লার্ভা জরিপের ভিত্তিতে ঝুঁকি নির্ধারণ করেছে সংস্থাটি। জরিপ অনুযায়ী ২৮টি ওয়ার্ড মধ্যম ঝুঁকিতে এবং ১৮টি নিম্ন ঝুঁকিতে আছে। ঝুঁকি কমাতে ২৯ ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু হয়েছে।
‘বর্ষাকালীন এডিস লার্ভা জরিপ ২০২৬’ চলে ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। ১২ দিনে সব ওয়ার্ডে ২ হাজার ২৫০টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ৩২২টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ মাঠকর্মী কোবোটুলবক্স ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন।
বহুতল ও আধাপাকা ভবন, এক তলা বাড়ি, নির্মাণাধীন ভবন এবং খালি প্লটের জমে থাকা পানিতে লার্ভা বেশি পাওয়া গেছে। পাত্রের ধরন অনুযায়ী প্লাস্টিকের বালতিতে ১৪.২১ শতাংশ, প্লাস্টিকের ড্রামে ১১.২২ শতাংশ, বেজমেন্টের পানিতে ৯.৯৮ শতাংশ, প্লাস্টিকের মগে ৯.২৩ শতাংশ এবং ফুলের টবে ৫.৯৯ শতাংশ লার্ভা মিলেছে।
‘বিশেষ চিরুনি অভিযান ২০২৬’ গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় আজিমপুর সরকারি কোয়ার্টারের বি টাইপ চত্বরে উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। অভিযানে লার্ভানাশক ও কীটনাশক ছিটানো, মশার প্রজননস্থল ধ্বংস, ড্রেন-খাল-নালা পরিষ্কার ও বর্জ্য অপসারণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ পরিচ্ছন্নতার কাজও চলবে।
সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে বার্তা প্রচার করা হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যৌথ অভিযানের পরিকল্পনাও আছে। যেখানে লার্ভা পাওয়া যাবে, সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ডিএসসিসি বাসিন্দাদের অন্তত সপ্তাহে একবার জমে থাকা পানি ফেলে দিতে এবং বাড়ি, ছাদ, বারান্দা, উঠান ও কর্মস্থলে মশার প্রজননস্থল ধ্বংস করতে অনুরোধ করেছে। ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

