ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

রাজধানীর বনশ্রীতে ভোরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুরাগ থেকেও একজন গ্রেপ্তার হয়েছেন।

বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার (প্রতীকী কার্ড)

রাজধানীর বনশ্রীতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ সোমবার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বনশ্রীর জি ব্লক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এতে কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গতকাল রোববার রাতে রূপনগর এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে আশরাফুল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছে একটি ককটেল পাওয়া গেছে। পুলিশ তাঁকে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বলে বর্ণনা করেছে।

রোববার রাতে তুরাগের সেক্টর ১৮-এর একটি বাসা থেকে মো. বিপ্লব খান (৩৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাঁকেও ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে।

গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গতকাল সন্ধ্যায় মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার ফটকে ককটেল বিস্ফোরণ হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল। শনিবার রাত ১০টা থেকে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে মিরপুর, মহাখালী ও ভাটারায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মনে করছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নাশকতা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন