ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ লটারিতে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগে আজ লটারির মাধ্যমে আরও ৫০ জন প্রার্থী সাক্ষাৎকারের সুযোগ পাচ্ছেন।

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ লটারিতে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ লটারিতে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগে আরও ৫০ জন প্রার্থী সাক্ষাৎকারের সুযোগ পাচ্ছেন। আজ শনিবার লটারির মাধ্যমে তাঁদের বাছাই করা হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার বোয়েসেলের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় শূন্যস্থান পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে নির্বাচিত ৩০০ জনের বাইরে থাকা আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন ৫০ জনকে বাছাই করা হবে।

শনিবার সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো আয়োজন বোয়েসেলের অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ে লাইভ সম্প্রচার দেখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নির্বাচিত কর্মীরা দেশটির ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, এই নিয়োগের জন্য ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতি বা লটারির মাধ্যমে প্রথম ধাপে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য বাছাই করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত সাক্ষাৎকারে তাঁদের কয়েকজন উপস্থিত হননি।

প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইনে মোট ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। তাঁদের ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ ও ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে কাজ করতে হবে।

প্রার্থীদের চূড়ান্ত বাছাইয়ের জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায় অবস্থান করছে। দলটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

বোয়েসেল জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ দিতে হবে না। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানই কর্মী নিয়োগ ও বিদেশে পাঠানোর সম্পূর্ণ খরচ বহন করবে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন