কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের বইমেলা শুরু হয়েছে। চ্যানেল আই প্রাঙ্গণে এ মেলার আয়োজন করেছে অন্যপ্রকাশ ও চ্যানেল আই।
হুমায়ূন আহমেদের লেখা বই নিয়ে এ মেলা চলবে ১৩, ১৪ ও ১৫ নভেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা খোলা থাকবে।
মেলার উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হক ও কবি রেজাউদ্দিন স্টালিন।
আরও ছিলেন চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও শাহ আলম কিরণ, লেখক জামাল রেজা, কবি রাজু আলীম এবং শিশুসাহিত্যিক ইমরান পরশ। লেখক, পাঠক ও হুমায়ূন আহমেদের গুণগ্রাহী অনেকেও এ সময় উপস্থিত ছিলেন।
ফরিদুর রেজা সাগর বলেন, অমর একুশে বইমেলার আগমনী বইমেলা হিসেবে এই মেলা শুরু হলো।
ইমদাদুল হক মিলন বলেন, একজন লেখক মৃত্যুর পরও জনপ্রিয়তার শীর্ষে থাকতে পারেন, হুমায়ূন আহমেদ তার জ্বলন্ত উদাহরণ।
মেলায় ৩০ শতাংশ কমিশনে পাঠক বই কিনতে পারবেন। এ ছাড়া হুমায়ূন আহমেদকে নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন থাকবে।

