ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরির অভিযোগে দুই বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ার পেনাংয়ে পিএলকেএস জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরির অভিযোগে দুই বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে
মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরির অভিযোগে দুই বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। জাল নথি তৈরি করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাঁদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে ‘অপ সারকাপ’ নামের বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, গ্রেপ্তার দুজনের বয়স ২৩ ও ৩২ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা অভিবাসনসংক্রান্ত জাল নথি তৈরির চক্রের সঙ্গে সরাসরি জড়িত। রাজ্য অভিবাসন বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, অভিযানের সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে একজনের কাছে অন্য ব্যক্তির পরিচয় ও তথ্য ব্যবহার করে তৈরি ই-পাশের মুদ্রিত কপি পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য পরিবর্তন এবং বিভিন্ন নথি জাল করে ছাপানোর কাজে ব্যবহার করা হতো। এসব জাল নথির মাধ্যমে অবৈধভাবে পিএলকেএস সংগ্রহের ব্যবস্থা করা হতো বলে কর্তৃপক্ষের ধারণা।

অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সন্দেহে একটি প্রিন্টার, একটি ল্যাপটপ এবং এক পাকিস্তানি নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়েছে।

এই চক্রের মাধ্যমে কতজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন কিংবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান শামসুল ফিতরি আহমাদ। জব্দ করা সরঞ্জাম ও নথিপত্র পরীক্ষা করে চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টাও চলছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন