যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী সপ্তাহে চীনে একটি যৌথ বৈঠকে বসছেন। তিন দেশের নেতাদের এটি প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। শুক্রবার হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকটি হবে চীনের শেনজেন শহরে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে, বৃহস্পতিবার। বিশ্বের সবচেয়ে বড় তিন পারমাণবিক শক্তির নেতাদের এমন সমাবেশ আগে কখনো হয়নি।
হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, অন্য বিষয়ের পাশাপাশি প্রেসিডেন্ট বিশ্বে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন। ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
ওয়েলস আরও জানান, বৃহস্পতিবার বিকেলে শির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মমধ্যাহ্নভোজ করবেন ট্রাম্প। এরপর ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে চীন সফর শেষ করবেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প ত্রিপক্ষীয় বৈঠকে ইরান নিয়ে কথা বলবেন, তবে ইউক্রেন নিয়ে নয়। কারণ, ইউক্রেন প্রসঙ্গ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলাদা আলোচনার অংশ, যেখানে চীন নেই। ওই কর্মকর্তা জানান, এ বৈঠক থেকে কোনো চুক্তি হবে বলে ওয়াশিংটন আশা করছে না। তাঁর ভাষ্য, অন্তত নেতাদের পর্যায়ে এই তিন দেশের মধ্যে এটি আলোচনার সূচনা মাত্র।
এর আগে ক্রেমলিনের পররাষ্ট্রবিষয়ক সহকারী ইউরি উশাকভ বলেছিলেন, এপেক সম্মেলনে ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা চলবে। অর্থাৎ বৈঠকের আলোচ্যসূচি নিয়ে হোয়াইট হাউস ও ক্রেমলিনের বক্তব্য আলাদা।
বৈঠক ঘিরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উদ্বেগ জানিয়েছেন। তাঁর আশঙ্কা, এটি একবিংশ শতাব্দীর জন্য ইয়াল্টা সম্মেলনের মতো "প্রভাব বলয় পুনর্বণ্টন"-এ পরিণত হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে এ বৈঠকের তুলনা খারিজ করেছেন।
ট্রাম্প সোমবার ওয়াশিংটন ছাড়বেন এবং মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছাবেন। সেখানে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের সম্মেলনে অংশ নিয়ে তিনি শেনজেনে যাবেন। মার্কিন কর্মকর্তারা জানান, এলন মাস্ক ট্রাম্পের সঙ্গে চীন সফরে থাকবেন, তবে শি ও পুতিনের সঙ্গে বৈঠকে থাকবেন না।
এপেক সম্মেলনে ২১টি অর্থনীতির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্লেষকদের মতে, বড় কোনো সাফল্যের সম্ভাবনা কম। তাঁরা মনে করছেন, বৈঠকটি বাস্তব ফলের চেয়ে বেশি প্রতীকী গুরুত্ব বহন করবে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তি নিউ স্টার্টের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। রাশিয়া চুক্তিটি এক বছর বাড়ানোর আহ্বান জানালেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। তিনি চীনকে অন্তর্ভুক্ত করে নতুন চুক্তি চান। অনুমান অনুযায়ী, চীনের পারমাণবিক ওয়ারহেড ৬০০-র বেশি, আর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের মজুত ৫ হাজারের বেশি। পারমাণবিক চুক্তিতে চীনের আগ্রহ কম।
পুতিন ও শি ২০১৩ সাল থেকে ৪০ বারের বেশি বৈঠক করেছেন। ট্রাম্প ও পুতিন সাতবার বৈঠক করেছেন, সর্বশেষ ২০২৫ সালের আগস্টে আলাস্কায়। ট্রাম্প ও শির মধ্যে আলোচনা হয়েছে আটবার।

