কথাসাহিত্যিক দীপু মাহমুদ ‘ফিরে দেখা সাহিত্য পদক-২০২৬’ পেয়েছেন। কথাসাহিত্য ক্যাটাগরিতে তাঁকে এ পদক দেওয়া হয়েছে।
রংপুরে শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’ শেষ হয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ছায়াঘেরা অন্নদামোহন হলে উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে দেশের আট বিভাগসহ রংপুর অঞ্চলের দুই শতাধিক লেখক, কবি, গবেষক ও সংস্কৃতিকর্মী অংশ নেন। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জেলার প্রায় ২৫টি ছোটকাগজের সম্পাদক ও প্রতিনিধিও ছিলেন।
দিনব্যাপী আয়োজনে ছিল সাহিত্য সেমিনার, কথাসাহিত্যে লেখকের দায় নিয়ে প্রবন্ধ উপস্থাপন, কবিতা পাঠ, বই ও লিটলম্যাগ প্রদর্শনী, পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতি বছরের মতো এবারও কবিতা, ছড়া, ছোটকাগজ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবদান, সংগঠন এবং লোকঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ফিরেদেখা পদক’ দেওয়া হয়। এবার কথাসাহিত্যে পদক পেয়েছেন দীপু মাহমুদ।

