রাজধানীর লালবাগের শহীদনগরে বিপ্লব হোসেন হত্যার নেপথ্যে ইয়াবা নিয়ে বিরোধের সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ১ নভেম্বর দুপুরের দিকে লালবাগের পশ্চিম শহীদনগর বউবাজারের আরএনডি রোডে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় ধারালো অস্ত্রের আঘাতে বিপ্লবের মৃত্যু হয়।
ঘটনার দিনই নিহতের খালা সুলতানা বেগম লালবাগ থানায় হত্যা মামলা করেন। এজাহারে দুজনের নাম এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
গত ৮ নভেম্বর লালবাগের লোহার ব্রিজ এলাকা থেকে মইনু (২৬) ও আল আমিনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। দুজনই রাজধানীর গাউছিয়া মার্কেটের একটি শাড়ির দোকানে বিক্রয়কর্মী ছিলেন। গ্রেপ্তারের পরদিন তাঁরা ঢাকা মহানগর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের একজন কর্মকর্তা জানান, বিপ্লব অন্যদের কাছ থেকে ইয়াবা কেড়ে নিতেন এবং এলাকায় ‘বড় ভাই’ হিসেবে অন্যায্য প্রভাব খাটাতেন। এসব কারণে দুই আসামি তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন।
আল আমিন জবানবন্দিতে বলেছেন, বিপ্লব তাঁর কাছ থেকে ইয়াবা কেড়ে নিয়ে চড়-থাপ্পড় মারেন। মইনুর দাবি, বিপ্লবকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না এবং ঘটনার সময় তাঁরা দুজন ছাড়া আর কেউ ছিলেন না। ঘটনায় ব্যবহৃত রড ও কর্নি নদীতে ফেলে দেওয়ার কথাও তাঁরা জবানবন্দিতে বলেছেন। পুলিশ এখনো এসব আলামত উদ্ধার করতে পারেনি।
লালবাগ থানার ওসি জামিল হোসাইন বলেন, মাদক নিয়ে বিরোধ ও আধিপত্যের জেরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বিপ্লব নিজেও মাদক কারবারে জড়িত ছিলেন। তবে মামলার বাদী ও বিপ্লবের খালা সুলতানা বেগম এ দাবি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ভাগ্নে মাদক সেবন বা কারবারে জড়িত ছিলেন না। তাঁদের ধারণা, বিপ্লব পুলিশের হয়ে কাজ করতেন। সুলতানা বেগমের দাবি, মামলার দুজন ছাড়াও আরও অনেকে ঘটনাস্থলে ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের হালনাগাদ তালিকায় রাজধানীর ৫০ থানা এলাকার ৩৬৩ জন মাদক কারবারির নাম রয়েছে। মার্চের দিকে তৈরি তালিকায় লালবাগ থানা এলাকার সক্রিয় ১৯ জন কারবারির নাম ও ঠিকানা আছে। ডিএমপি জানিয়েছে, তাঁদের বেশির ভাগ শহীদনগরের বিভিন্ন গলিতে ভাড়া বাসায় থেকে কারবার চালান।
লালবাগ বিভাগের উপ কমিশনার মোস্তাক সরকার বলেন, তালিকাভুক্ত মাদক কারবারি ও সেবনকারীরা নিয়মিত গ্রেপ্তার হন। তাঁর ভাষ্য, এলাকার মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে শহীদনগরের বাসিন্দা মেজবাহ উদ্দীনের অভিযোগ, এলাকায় মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের উৎপাত মাত্রা ছাড়িয়ে গেছে।

