কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। আজ শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পূরবী বসু দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন।
১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্ম পূরবী বসুর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি করেন।
বিজ্ঞানী হিসেবে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা করেছেন এবং কর্নেল ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। দেশে ফিরে ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেন।
গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তাঁর ৪০টির বেশি বই প্রকাশিত হয়েছে। লেখায় নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম উঠে এসেছে। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’ ও ‘আমার এ দেহখানি’।
সাহিত্যে অবদানের জন্য ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান পূরবী বসু।
১৯৬৭ সালে জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিয়ে হয় পূরবী বসুর। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।

