যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে নোঙর করা একটি ক্রুজ জাহাজকে ট্যাঙ্কার ধাক্কা দেওয়ার পর জাহাজে থাকা প্রায় ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে। মিসিসিপি নদীতে ধাক্কার পর আমেরিকান হেরিটেজ নামের ক্রুজ জাহাজটি কাত হয়ে পড়ে। অ্যাটলান্টিক অ্যাসফল্ট নামের একটি মালবাহী জাহাজ (ট্যাঙ্কার) ওটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ক্রুজ জাহাজের ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের আঘাত গুরুতর নয়। কেউ নিখোঁজ নেই। কর্মকর্তারা ঘটনাটিকে "মিসিসিপির অলৌকিক ঘটনা" বলেছেন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো তদন্তাধীন। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম বলেন, মনে হচ্ছে কোনো ধরনের স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটেছে।
নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার অভিযানের সব কৃতিত্ব প্রথম সারির উদ্ধারকর্মীদের, যাঁরা সঙ্গে সঙ্গে সাহায্যে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি বলেন, কেউ নিখোঁজ নেই, যা সত্যিই মিসিসিপির এক অলৌকিক ঘটনা।
পোর্ট অব নিউ অরলিন্সের প্রধান মেলানি মন্ট্রল জানান, শুক্রবার পূর্ব আমেরিকার সময় দুপুর ১টা ৩০ মিনিটের (গ্রিনিচ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) দিকে ঘটনার খবর আসে। তখন জাহাজে পানি ঢুকছিল এবং লোকজন যাত্রীদের নামাতে সাহায্য করার চেষ্টা করছিলেন। পোর্টের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় জাহাজে ক্রু ছাড়া প্রায় ১২৯ জন যাত্রী ছিলেন।
মেয়র মোরেনো জানান, আমেরিকান ক্রুজ লাইনসের পরিচালিত প্যাডলহুইল জাহাজটি কাত হতে শুরু করলে যাত্রীরা নামতে থাকেন। এরপর জাহাজটি একপাশে উল্টে পড়ে। টাগবোটের চালক, পুলিশ ও উদ্ধারকর্মীরা ছুটে আসেন। অনুসন্ধান অভিযানের জন্য কর্তৃপক্ষ মিসিসিপি নদী বন্ধ করে দেয়।
জাহাজটি লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে আট দিনের একটি ভ্রমণ শেষ করছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, উদ্ধার অভিযানের কাজ ছিল অবিশ্বাস্য ভালো। হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, স্থানীয় উদ্ধার কাজে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডও সহায়তা দিয়েছে।
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিও ঘটনাটিকে মিসিসিপির অলৌকিক ঘটনা বলেন। ক্রুজ জাহাজে থাকা মানুষের বিপুল সংখ্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মিসিসিপি নদীতে জাহাজ বহু বছর ধরে নিরাপদে চলছে। ঘটনা তদন্তের প্রতিশ্রুতিও দেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড বলেন, ধাক্কার পর ক্রুজ জাহাজটিকে ডকে গিয়ে আঘাত করতে দেখেছেন তিনি। তাঁর ভাষ্য, টন টন ইস্পাত গুঁড়িয়ে যাওয়ার শব্দ ছিল যুদ্ধের সিনেমার মতো। হলফোর্ড আরও বলেন, জাহাজ ডুবে যাওয়ার সময় যাত্রী ও ক্রুরা চিৎকার করছিলেন, কাঁদছিলেন এবং নামার চেষ্টা করছিলেন।
আমেরিকান হেরিটেজ সর্বোচ্চ ১৫০ জন অতিথি বহন করতে পারে। ওয়েবসাইট অনুযায়ী এতে কাচঘেরা রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার ও তিনটি অতিথি লাউঞ্জ আছে। ২০১৫ সালে তৈরি জাহাজটির অন্তত চারটি ডেক আছে।

