সরকারি ক্রয়ে নতুন নিবন্ধিত ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বুধবার পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। উত্থাপনের সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান আপত্তি জানান। পরে কণ্ঠভোটে বিলটি উত্থাপনের অনুমতি পায়।
বিলে বলা হয়েছে, দরপত্রের যোগ্যতা নির্ধারণে এমন শর্ত দেওয়া যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। দীর্ঘদিনের অভিজ্ঞতা, বেশি বার্ষিক লেনদেন, সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা কিংবা একা বড় চুক্তি বাস্তবায়নের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা করা যাবে না। তবে কেনাকাটার ধরন, জটিলতা ও ঝুঁকি বিবেচনায় বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী প্রতিষ্ঠান অতিরিক্ত শর্ত দিতে পারবে।
নতুন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং সুযোগবঞ্চিত ব্যক্তিদের জন্য যোগ্যতার শর্ত শিথিল করার সুযোগও রাখা হয়েছে। বাংলাদেশে উৎপাদিত পণ্যকে সরকারি কেনাকাটায় অগ্রাধিকার দেওয়া যাবে। সরকার চাইলে নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলকও করতে পারবে। কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি ক্রয়ে অংশ নিতে চাইলে বাংলাদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।
বিলটি ২১ সেপ্টেম্বর জারি করা পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশের পরিবর্তে আনা হয়েছে। বিলটি পাস হলে ওই অধ্যাদেশ রহিত হবে। ২০০৬ সালে পাবলিক প্রকিউরমেন্ট আইন প্রণীত হয়। ২০২৬ সাল পর্যন্ত এটি পাঁচবার সংশোধন করা হয়েছে। আগের অধিবেশন শেষ হয় ১০ সেপ্টেম্বর এবং পরের অধিবেশন শুরু হয় ৯ নভেম্বর।
নাজিবুর রহমান অধ্যাদেশ জারির জরুরি কারণ জানতে চান। জবাবে মন্ত্রী বলেন, দুই অধিবেশনের মাঝে গুরুত্বপূর্ণ প্রয়োজনে অধ্যাদেশ জারির সাংবিধানিক সুযোগ রয়েছে। তিনি সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ, দক্ষতা, অবাধ প্রতিযোগিতা ও দেশীয় স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেন। অধ্যাদেশটি আইনে রূপ দিতে আন্তঃমন্ত্রণালয় সভা ও জনমত যাচাই করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
বিলটি পরীক্ষা করে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

