আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের যা যা আইনি প্রক্রিয়া করার ছিল, সবই শেষ হয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারত সরকারের।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে যে সহযোগিতা প্রয়োজন, সরকার তা দেবে।
ভূমি নিবন্ধন খাতে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের ধারণা ভালো নয় বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, এই ভাবমূর্তি থেকে বের হয়ে আসার দায়িত্ব সাব-রেজিস্ট্রারদেরই।
সাব-রেজিস্ট্রার বিভাগকে হয়রানিমুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। এরপরও হয়রানির ঘটনা ঘটলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে তিনি সতর্ক করেন।

