এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় থাকা জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান তাঁর চোখে পড়ছে না।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মঞ্জু লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নির্বাচনের আগে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার একটি উদ্যোগ নিয়ে বেশ আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছিল। ব্যক্তিগতভাবে তিনি এই উদ্যোগকে উৎসাহ দিয়েছিলেন এবং জোরালো সমর্থন করেছিলেন। তাঁদের চাওয়া ছিল, বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে একটি জোট করবে, ইসলামপন্থী দলগুলোর আলাদা একটি জোট হবে, আর অধিকারভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে গড়া মধ্যপন্থী দলগুলো আরেকটি জোট করবে।
এ লক্ষ্যে এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের ছয় দল (নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ভাসানী জনশক্তি পার্টি) মিলে মোট নয়টি দল কয়েকটি বৈঠকও করেছিল।
নয় দলের জোট না হওয়ার কারণ হিসেবে মঞ্জু বলেন, মান্নার দুর্বল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব, জোনায়েদ সাকির এবারই জীবনের শেষ সুযোগ কাজে লাগানোর মনোভাব এবং নুরুল হক নুর ও রাশেদের অতি চতুর আচরণ এর পেছনে ছিল। দিনরাত দৌড়ঝাঁপ করে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। নাহিদ ইসলাম, হাসনাত কাইয়ুম ও জেএসডির স্বপন তাঁকে সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সফল হননি।
এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ও টিকিয়ে রাখা যায়নি বলে জানান মঞ্জু। তিনি বলেন, এ কারণে হাসনাত কাইয়ুম তাঁদের ওপর খুবই ক্ষুব্ধ হয়েছেন। পরিস্থিতির শিকার হয়ে মনের কষ্ট চেপে রেখে তাঁরা বড় ক্ষতি মেনে নিয়েছেন।
ইসলামী দলগুলোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে দাবি করে মঞ্জু বলেন, ভোট এক বাক্সে নেওয়ার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। জামায়াত ও ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের বিরোধ মেটানোর যে সুযোগ তৈরি হয়েছিল, আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনে তা নষ্ট হয়ে গেছে।
মধ্যপন্থী জোটের স্বপ্নও ভেস্তে গেছে বলে মন্তব্য করেন তিনি। মঞ্জুর ভাষ্য, বিএনপি গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলামসহ আরও কয়েকটি দলকে সঙ্গে নিয়ে একধরনের মিশ্র জোট করে ক্ষমতায় গেছে। এই মিশ্র জোট না করলেও দুই-তৃতীয়াংশ সমর্থন নিয়েই তারা ক্ষমতায় যেত বলে তিনি মনে করেন।
এসব দল জোটে যুক্ত হওয়ায় বিএনপির তেমন রাজনৈতিক লাভ হয়েছে কি না, সেই প্রশ্ন তুলে মঞ্জু বলেন, সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে জোনায়েদ সাকি, আন্দালিব পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না।
বিভিন্ন জোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ ‘বিএনপির পুরোনো সঙ্গীদের জোট’, ‘ইসলামী এক বাক্স জোট’, ‘মধ্যপন্থী জোট’ এবং বামপন্থীদের ‘বাম গণতান্ত্রিক জোট’—এই চার ধারায় জুলাই-পরবর্তী রাজনৈতিক সমীকরণ গড়ে উঠলে তা বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর হতো।
মঞ্জু আরও বলেন, গুম, খুন, লুটপাট ও গণহত্যার যথাযথ বিচার এবং জুলাই সংস্কার সম্পন্ন করে রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের বিষয়েও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া গেলে বাংলাদেশ নতুন রাজনৈতিক অধ্যায় ও সংস্কৃতিতে প্রবেশ করতে পারত।

