নিষিদ্ধ আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ‘ফ্যাসিস্ট আওয়ামী শক্তি’ নাৎসিদের মতোই কখনো বাংলাদেশে ফিরতে পারবে না।
তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে এক পলাতক ‘ফ্যাসিস্ট নেত্রী’ বারবার অডিও-ভিডিও কলে দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন। ওই নির্দেশনায় জুলাই আন্দোলনের কর্মীদের তালিকা করে তাঁদের বাড়িঘর ভেঙে ফেলতে বলা হচ্ছে। মন্ত্রী আরও অভিযোগ করেন, ওই নেত্রী ফিরে এলে জুলাই যোদ্ধাদের কঠোর শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য প্রয়োজন। রাজনৈতিক দল, নির্বাচিত প্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিত দায়িত্ব এ ক্ষেত্রে রয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্থায়ী উন্নতির জন্য জনগণের অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে খুনের পরিসংখ্যানও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, গত বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে খুন হয়েছিল দুই হাজার ৯৩৮টি। এ বছর একই সময়ে খুনের সংখ্যা দুই হাজার ৬৫১। অর্থাৎ খুন কমেছে।

