কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে। বুধবার দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটে। এতে একটি টিনশেড কাঠামোর পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, রাত ১২টা ১৮ মিনিটে আগুনের খবর জানিয়ে ফোন পায় তারা। ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নেভানো হয়।
পুলিশের ভাষ্য, টিনশেড কাঠামোটি নুসরাতের দাদার তৈরি। সেখানে কেউ থাকতেন না। এটি মূলত গরু-ছাগল পালন ও পশুখাদ্য রাখার কাজে ব্যবহৃত হতো। প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা থাকেন।
ঘটনার পর ফেসবুকে এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন। একই পোস্টে তিনি দায়ীদের উদ্দেশে লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল।’
এনসিপি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান পেট্রলবোমার অভিযোগ ও এনসিপির দাবির বিষয়ে জানান, আগুন কীভাবে লাগল এবং এতে কারা জড়িত, তা পুলিশ তদন্ত করে দেখছে।

