সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে বুধবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের সঙ্গে কৃষিমন্ত্রীর বাকবিতণ্ডা হয়েছে। মন্ত্রী জবাব দেওয়ার সময় বিরোধী সদস্যরা বারবার হইচই করেন।
বিকেলের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, সংসদ সদস্যদের আত্মীয় ও বিএনপির নেতাদের ডিলারশিপ দেওয়া হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা সুপারিশপত্র দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। এসব নিয়োগ পুনর্বিবেচনা করা হবে কি না, তা জানতে চান তিনি।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ডিলার নিয়োগকে ‘উৎসব’ বলে উল্লেখ করেন। তিনি নিয়োগপ্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে আবেদন নেওয়া হয়। জেলা প্রশাসন আবেদন যাচাই করে নাম পাঠায়। মন্ত্রী আরও বলেন, কোনো একজনের স্বাক্ষরে নিয়োগের ঘোষণা দেওয়া হয়নি।
মন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা বারবার চিৎকার করেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের শান্ত থাকতে এবং মন্ত্রীর বক্তব্য শুনতে অনুরোধ করেন।
সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, টাকা নেওয়ার অভিযোগটি সঠিক নয়। তিনি অভিযোগের পক্ষে লিখিতভাবে প্রমাণ দিতে বলেন। প্রমাণ না দিলে বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি। এরপর অধিবেশন পরিচালনাকারী পরবর্তী প্রশ্নে চলে যান।

